যশোরের বাঘারপাড়া উপজেলায় ভাটার আমতলায় আওয়ামী লীগের প্রার্থীর গাড়ি বহর লক্ষ্য করে বোমা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে গিয়াস উদ্দিন নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত গিয়াস উদ্দিন বাঘারপাড়ার খাজুরা এলাকার রাজাপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে পুলিশ বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা স্বীকার করলেও এর কারণ নিশ্চিত হতে পারেনি।
বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলা জানান, রাতে তারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার শেষে খাজুরা বাজারে ফিরছিলেন। সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে জনসংযোগ কর্মকাণ্ড নিয়ে তার আলোচনা করার কথা ছিল। খাজুরা বাজারের কাছাকাছি ভাটার আমতলায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শওকত আলী মণ্ডলের লোকজন তার গাড়ি বহর লক্ষ্য করে বোমা হামলা করে। এ সময় গুলিও বর্ষণ করে। এতে তিনটি গুলি গিয়াস উদ্দিনের বাম পায়ে লাগে।
বাঘারপাড়ার খাজুরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মাসুদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।