মমতার শপথ অনুষ্ঠানে ২০ কেজি ইলিশ উপহার শেখ হাসিনার

 
ব্যস্ত সূচির কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে না পারলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার পাঠাতে ভুল করেনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হতে না পারলেও বৃহস্পতিবার কলকাতায় এসে পৌঁছচ্ছে তাঁর উপহার। ২০ কেজি পদ্মার ইলিশ!'
 
শুক্রবার রেড রোডে মমতার শপথে তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে থাকবেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদও।
 
শেখ হাসিনার পাঠানো উপহারের ব্যাখ্যা দিতে গিয়ে ভারতের এক কূটনীতিক জানায়, 'একই সঙ্গে পদ্মার ইলিশ আর শিল্পমন্ত্রীকে পাঠিয়ে হাসিনা কলকাতা-ঢাকা সৌহার্দ্য এবং বিকাশের বার্তাই দিতে চাইছেন।'
 
এদিকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ জানান, মমতার ইতিবাচক ভূমিকায় বাংলাদেশের সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গের বন্ধুত্ব আরো দৃঢ় হবে বলেই বিশ্বাস করছে বাংলাদেশ।
 
এই বিশ্বাসে ভর করেই ঢাকা যে নতুন করে মমতার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে, তার প্রমাণ এই 'ইলিশ-কূটনীতি'। এর আগেও হাসিনার পাঠানো ইলিশ কলকাতার বিশিষ্টদের কাছে এসেছে। কিন্তু ২০ কেজি ইলিশের উপহার-বাক্স এসেছে বলে মনে করতে পারছেন না কলকাতা বিমানবন্দরের অভিবাসন কর্তারা।
 
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাংলাদেশ থেকে কলকাতায় যাবে প্রধানমন্ত্রীর উপহার। উপ-দূতাবাসের প্রতিনিধিরা তা নিয়ে যাবেন মমতার বাড়িতে। তবে আজ রাতেই নাকি শপথের দিন সকালে, তা চূড়ান্ত হয়নি। একটি সূত্রের মতে, শপথের সকালেই ইলিশ পৌঁছনোর সম্ভাবনা বেশি।
 
২০১১-এর সেপ্টেম্বরে তিস্তা জল চুক্তি নিয়ে আপত্তি তুলে মনমোহন সিংহের সঙ্গে তাঁর বাংলাদেশ সফর বাতিল করেন মমতা। আটকে যায় তিস্তা চুক্তি। ফলে মমতার প্রতি অসন্তুষ্টও হয় বাংলাদেশের একাংশ। কিন্তু গত বছর জুনে নরেন্দ্র মোদীর সঙ্গে ঢাকা গিয়ে সেই ক্ষত অনেকটা মেরামত করে ফেলেন মমতা।
 
তবে সেই সফরেই মমতা যখন রাজ্যে পদ্মার ইলিশ পাঠানোর পথ সুগম করতে অনুরোধ করেছিলেন, তখনই পাল্টা পানির দাবি তুলেছিল বাংলাদেশ। তিস্তা সমস্যা এখনও মেটেনি। তবে আস্থা আর বিশ্বাসে ভর করেই সেই দাবি মিটবে বলে আশা করছে ঢাকা।
 
ভারতের প্রাক্তন কূটনীতিকের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মমতাকে ইলিশ পাঠিয়ে আসলে তিস্তার জলের কথাই মনে করিয়ে দিয়েছেন হাসিনা। ওয়ান ইন্ডিয়া ও আনন্দবাজার।