একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় মৌলভীবাজারের পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বৃহস্পতিবার বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও আবুল কালাম।
আসামিরা হলেন- সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী, ইউনুছ আহমদ, ওজায়ের আহমদ চৌধুরী এবং মোবারক মিয়া। তাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ এবং আটকে রেখে নির্যাতনের পাঁচ অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটর আবুল কালাম জানান, আগামী ৯ জুন এ মামলার পরবর্তী দিন রাখা হয়েছে। অভিযোগ আমলে নেওয়া হবে কি না তা সেদিন জানা যাবে।
২০১৪ সালের ১২ অক্টোবর এই পাঁচ আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত সংস্থা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের মধ্যে সামছুল হোসেন তরফদার একাত্তরে আল-বদর বাহিনীর এবং নেছার আলী রাজাকার বাহিনীর স্থানীয় কমান্ডার ছিলেন। বাকি তিনজন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন যুদ্ধাপরাধ করেন।