এখনও ট্রাম্পকে 'পছন্দ করছেন না' স্পিকার পল রায়ান। তবে বুধবার রাতে ফোনে ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ হবার কথা বলে জানিয়েছে সিএনএন। তবে এখন পর্যন্ত ট্রাম্পের থেকে নিজের দূরত্ব বজায় রাখছেন রায়ান।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনোয়ন দৌড়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পকে সমর্থন দেয়ার সময় হয়নি বলে জানিয়েছিলেন রায়ান। তিনি এবিসি'র এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রিপাবলিকান ভাবমূর্তি নিয়ে চলছেন না ট্রাম্প। তাই এখনও তাকে সমর্থন দেয়ার সময় আসেনি।
এরপর বুধবার রায়ান আবারো জানান, নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে এখনো প্রস্তুত নন তিনি।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্যাপিটল হিলে তার বৈঠক হয়। এরপর মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয় যে, ট্রাম্পকে অনুমোদন দিচ্ছেন পল রায়ান। এরই প্রেক্ষিতে তিনি বলেছেন, এখনও আমি সিদ্ধান্ত নেইনি। এমন সিদ্ধান্ত নেয়ার জন্যে কোন টাইম টেবিল দরকার নেই। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান দলের শীর্ষ পর্যায়ে মারাত্মক বিভক্তি রয়েছে। তার মধ্যে অনেকের এতদিন প্রকাশ্যে মন্তব্য, বিবৃতি দিলেও এখন দৃশ্যত তারা চুপ মেরে গেছেন। এর অর্থ তারা কি তাহলে নীরবে ট্রাম্পকে সমর্থন দিলেন! তবে প্রকাশ্যে একা মাঠে সরব এখন ৪৬ বছর বয়সী পল রায়ান। তিনি প্রকাশ্যে ট্রাম্পকে অনুমোদন দেয়ার বিরুদ্ধে কথা বলেছেন। এখন পর্যন্ত তিনি তাকে অনুমোদন দেন নি।
আগামী জুলাইয়ে ক্লিভল্যান্ডে দলের মনোনয়ন নিয়ে যে কনভেনশন হবে তাতে সভাপতিত্ব করবেন পল রায়ান। ফলে রায়ানের অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ আগামী ৮ই নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে।
বুধবার রাতে রায়ান ও ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হওয়ার কথা। তবে পল রায়ানের মুখপাত্র জ্যাক রোডি বলেন, এ ফোন কল অনুমোদন দেয়া নিয়ে নয়। সিএনএন ও রয়টার্স।