পঞ্চম ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তিন ইউনিয়নে বুধবার রাতে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার মাইক ভাঙচুর ও ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণসহ অতিরিক্ত টহল জোরদার করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানায়, বিভিন্ন ইউনিয়নে সহিংসতার খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিচ্ছে। রাতেই ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ নিবার্চনে সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করে।
তিনি আরো জানান, নির্বাচনের দিন ঘনিয়ে আসায় ১২ টি ইউনিয়নেই আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবির টহল বাড়ানো হয়েছে।
জানা গেছে, তুজারপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী সোহবার ভুইয়ার নির্বাচনী ক্যাম্প গভীর রাতে দুবৃর্ত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সে সময় সংঘর্ষে সাবু ফকির ও সুজন মাতুব্বর গুরুতর আহত হয়। তাদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অপরদিকে চুমরদী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের মো. রফিকুল ইসলামের প্রচার মাইক ভাঙচুরসহ তার সমর্থকদের মারধর করেছে নৌকা প্রতীকের সাখাওয়াৎ হোসেন জালালের সমর্থকরা। এ সময় সুমন মাতুব্বর নামে একজন আহত হন।
এদিকে কালামৃধা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মো. রেজাউল মাতুব্বরের নিবার্চনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থী মো. এসকেনদার খলিফার সমর্থকরা।