জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়।
তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট বোরহান উদ্দিন মামলাটির বাদী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুন অর রশিদকে জেরা শেষ করেন। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামী ২ জুন জেরার জন্য দিন ধার্য করেন।
এরপর মামলার অপর দুই সাক্ষী মামলাটির রেকর্ডিং অফিসার এসএম গাফফারুল ইসলাম ও সোনালী ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার শফিউদ্দিন মিয়ার জবানবন্দি গ্রহণ করে আদালত।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
২০১৪ সালের ১৯ মার্চ ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের আগের বিচারক বাসুদেব রায় এ মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন।