৫ হাজার রানের মাইলফলকে মাহমুদউল্লাহ

 
ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় শতক করে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন মাহমুদউল্লাহ। বৃহস্পতিবার বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে  লিস্ট ‘এ’ এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
 
এর আগে গত ১০ মে এই মাঠেই ক্রিকেট কোচিং ক্লাবের বিপক্ষে ১৩০ রান করেছিলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের অধিনায়ক।
 
লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ষষ্ঠ শতক। মাইলফলক ছুঁয়েছেন শতকের আগেই। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫ হাজার রান। ৭১ রানের মাথায় এই মাইলফলকে পৌঁছে যান দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
 
দু’দিন আগেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রান করেছেন তামিম ইকবাল। পাঁচ হাজার ৯০৩ রান নিয়ে দুইয়ে মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের রান পাঁচ হাজার ২৭৬। এরপরই রয়েছেন মাহমুদউল্লাহ, তার সংগ্রহ পাঁচ হাজার ৩৬।
 
ব্রাদার্সের বিপক্ষে শেষ পর্যন্ত ১১৪ বলে ১০৭ করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ।