হিলিতে ট্রেন থেকে পড়ে গৃহবধূ নিহত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বাসুদেবপুর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ডলি বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার সকালে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত ট্রেন যাত্রী ডলি বেগম (৩৫) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভেলিপাড়া (গুলপাড়া) গ্রামের আবদুস কুদ্দুছের স্ত্রী।
 
বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি ও স্থানীয় লোকজন জানান, রাজশাহী থেকে নীলফামারী আন্ত:নগর তিতুমীর ট্রেনটি সকাল পৌনে ১১টার দিকে হিলি রেলস্টেশনে পৌঁছায়। এরপর ট্রেনটি নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে গেলে উপজেলার বাসুদেবপুর সীমান্তের কাছে চলন্ত ট্রেন থেকে ডলি বেগম পড়ে যায়। এ সময় তার দুটি পা ও ১টি হাত কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় মারা যান।