অ্যান্ডি মারে’র ঘাম ঝড়ানো জয়

আরেকটু হলেই ঘটে যেত অঘটন। ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকেই হয়তো বিদায় নিতে হতো ব্রিটিশ তারকা এন্ডি মারের। তবে ফরাসি তরুণ ম্যাথিয়াস বোর্গের কাছ থেকে হারের লজ্জা এড়ালেন তিনি।
 
তবে র্যাংকিংয়ে ১৬৪ নাম্বারে থাকা তারকার সঙ্গে জিততে ভালোই কষ্ট করতে হয়েছে মারের। 
 
রোলাঁ গারো স্টেডিয়ামে প্রথম সেটটি ৬-২ গেমে জিতে নেন মারে। তবে দ্বিতীয় সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মাথিয়াস। টানা দুই সেট জিতে (৬-২, ৬-৪) বিশ্বের দুই নাম্বার তারকাকে রীতিমতো ভয়-ই পাইয়ে দিয়েছিলেন ২২ বছর বয়সী এ উদীয়মান খেলোয়াড়।
 
২-১ ব্যবধানে পিছিয়ে থেকেই যেন টনক নড়ে মারের। ভক্ত-সমর্থকদের আর নিরাশ করেননি। অঘটনের শিকার হওয়ার শঙ্কা কাটিয়ে পাঁচ সেটের রোমাঞ্চকর জয় তুলে নেন দু’বারের গ্র্যান্ড স্লাম জয়ী। চতুর্থ সেটে ৬-২ ও পঞ্চম সেটটি ৬-৩ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করে হাঁফ ছেড়ে বাঁচেন মারে।
 
এর আগে প্রথম রাউন্ডেও পাঁচ সেটের কষ্টার্জিত জয় পান মারে। চেক রিপাবলিকের রাডেক স্টিপানেকের বিপক্ষে প্রথম দুই সেটেই সমান ৬-৩ গেমে হেরে টুর্নামেন্টের শুরুতেই ছিটেকে যেতে বসেছিলেন! পরে টানা তিন সেট (৬-০, ৬-৩, ৭-৫) জিতে প্রথম রাউন্ডের বাধা পার করেন।
 
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে ক্রোয়েশিয়ান ইভো কার্লোভিকের মুখোমুখি হবেন মারে। একবার করে উইম্বলডন ও ইউএস ওপেন জেতা মারের এখনো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা অধরা।