বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের বেলাভূমিতে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ওয়ালটন প্রথম মহিলা বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৬। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মিসেস সেলিনা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও কক্সবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মিসেস গোপা সেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপুসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় তরঙ্গ ও তন্ময়। ম্যাচে তন্ময় ৬-২ গোলে তরঙ্গকে হারিয়ে শুভসূচনা করে।
ওয়ালটন প্রথম মহিলা বিচ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলার চারটি ফুটবল দল অংশ নিয়েছে। দলগুলো হল তরঙ্গ, তন্ময়, তটিনী ও তপতী। অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।