ঢাকা প্রিমিয়ার লিগে অষ্টম রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে ১১ রানে হারালো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদের শতকে ২৫২ রানের পুঁজি সংগ্রহ করে শেখ জামাল।
টেল এন্ডারদের ব্যর্থতায় ১১ রানে হারে ব্রাদার্স ইউনিয়ন। ব্যাট হাতে শতকের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নেন মাহমুদউল্লাহ।
ব্রাদার্সের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ উইকেটে গিয়েছিলেন চার নম্বরে। ১৩ ওভার শেষে শেখ জামালের রান তখন ২ উইকেটে ৫২। তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুবের সঙ্গে তিনি গড়েন ১১৯ রানের জুটি। ৭২ বলে ছুঁয়েছেন অর্ধশতক, পরে পঞ্চাশ রান করতে বল লেগেছে ৩৯টি।
শেষ পর্যন্ত ৩ ছক্কা ও ৫টি চারে ১১৪ বলে ১০৭ রানের ইনিংস খেলে মিলিন্দ কুমারের বলে ক্যাচ তুরে সাজঘরে ফেরেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ষষ্ঠ শতক। এর মধ্য দিয়ে দেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। মার্শাল আইয়ুব করেন ৫৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪৪ রানে ফিরে যান শাহরিয়ার নাফীস। এরপর তুষার ইমরান ও ইমরুল কায়েস ১০০ রানের জুটি গড়েন। ৫৫ রানে আউট হন তুষার ইমরান।
দলীয় ১৭১ রানে সাজঘরে ফেরেন ইমরুল। মাহমুদউল্লার বলে আউট হওয়ার আগে ৭০ রান করেন তিনি। ইমরুল আউট হওয়ার পর আর কোনও ব্যাটসম্যান ক্রিজে টিকে থাকতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করতে সক্ষম হয় ব্রাদার্স। তাতে ১১ রানের জয় তুলে নেয় শেখ জামাল।