ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের খেলায় ক্রিকেট কোচিং স্কুলকে ৬ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রুপগঞ্জ। শতক হাঁকিয়েও দলের হার এড়াতে পারেননি রাজিন সালেহ।
বৃহস্পতিবার তার অপরাজিত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৪২ রান সংগ্রহ করে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।২৪৩ রানের টার্গেটে খেলতে নেমে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ে নামে রূপগঞ্জ। শুরুতে ব্যাট হাতে মাঠে নামেন রাজিন সালেহ ও পিনাক ঘোষ। রাজিন সালেহ এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে যাওয়ার আসার মিছিল চলতে থাকে। ১৩৮ বলে ১০৬ রান করেন রাজিন। নিজের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি।
তাকে একমাত্র যোগ্য সঙ্গ দেন অমিত মজুমদার। তিনি খেলেছেন ৫৬ রানের ইনিংস। এছাড়া ৩০ রান করেছেন পিনাক ঘোষ। ২২ রান করেন সাঈদ সরকার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে সিসিএস।
জবাবে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। দলীয় ৩৬ রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকার (২২)। এরপর ফিরে যান জুনায়েদ সিদ্দিকও (১৬)। তবে মোহাম্মদ মিথুনের ৯০ ও আসিফ আহমেদের অপরাজিত ৭২ রানের ইনিংসে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় রূপগঞ্জ।