গোবিন্দগঞ্জে ব্যবসায়ী হত্যার দায় স্বীকার আইএসের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিককে (৬৮) হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
 
আইএসের সহযোগী সংবাদ সংস্থা ‘আমাক এর ওয়েব সাইট-এ এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। ওই ওয়েব সাইটের উল্লেখ করা হয়েছে- ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধায় এক হিন্দু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ইসলামিক স্টেটের যোদ্ধারা।’
 
বুধবার সকাল ৬টায় মহিমাগঞ্জ বাজারে জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামানিককে তার দোকানে হত্যা করে দুর্বৃত্তরা।
 
এদিকে নিহতের স্ত্রী আনন্দ রাণী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি করে বুধবার গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় সন্দেহজনকভাবে আটক নৃপেন চন্দ্রকে আসামি করা হয়নি।