টেকনাফে সাংবাদিককে অপহরণ চেষ্টা, আটক ২

কক্সবাজারের টেকনাফে ইয়াবা গডফাদারের নেতৃত্বে ছয় সাংবাদিককে হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদী ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপুকে অপহরণের চেষ্টা চালানো হয়েছে।
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার কার্যালয়ের সামনে থেকে ইয়াবা ভুট্টোর ভাগিনার নেতৃত্বে এ চেষ্টা চালানো হয়। এ সময় জনতা ধাওয়া করে ঘটনায় জড়িত দুজনকে আটক করে কক্সবাজার সদর থানার পুলিশের কাছে সোপর্দ করেছে।
 
আটককৃতরা হলো- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনী প্রধান নুরুল হক ভুট্টোর ভাগিনা টেকনাফের নাজিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ বেলাল (৩০) ও একই এলাকার আবশাদ আলীর ছেলে নুরুজ্জামান প্রকাশ জামাল মাষ্টার (৪৫)।
 
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু জানান, ব্যক্তিগত কাজে তিনি কক্সবাজার পৌরসভার গেইটে অবস্থান করছিলেন। ওই সময় কিছু লোক তাকে অপহরণ করে তুলে নেয়ার চেষ্টা করে। বিষয়টি দেখে জনতা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় জনতা ধাওয়া করে ঘটনায় জড়িত দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাদের পরিচয় জানা যায়।