শিরোপা খরা কাটাতে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিরুদ্ধে আর্জেন্টিনা

২৩ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে মহাদেশীয় সেরার টুর্নামেন্ট শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা।
 
বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে পাঁচটায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে হন্ডুরাসের বিপক্ষে খেলতে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
 
তিন দিন আগে গত রবিবার রাতে সেভিয়াকে হারিয়ে কোপা দেল রে জয়ের মধ্য দিয়ে মৌসুমে চতুর্থ শিরোপা জেতে মেসির বার্সেলোনা। ২-০ ব্যবধানে জেতা ওই ম্যাচের দুটি গোলেই অবদান ছিল পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪১ গোল করা ছাড়াও মৌসুম জুড়ে বরাবরের মতো গোল করাতেও দারুণ কার্যকর ছিলেন তিনি।
 
এই সময়ে জাতীয় দলের হয়েও খুব ভাল খেলেছেন মেসি। মেসির অনুপস্থিতিতে বিশ্বকাপ বাছাইপর্বে চারটি ম্যাচ খেলে কেবল একটিতে জেতে আর্জেন্টিনা। কিন্তু দলের সেরা তারকা মাঠে ফেরার পর ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে খেলা দুটি ম্যাচেই জেতে দলটি। কোপা আরেমিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি ও বলিভিয়াকে হারায় তারা।
 
সাম্প্রতিক সাফল্যে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা দলের সবার মধ্যেই এবার শিরোপা জেতার তাড়না।। আর সে স্বপ্নের কাণ্ডারি মেসিও দেশের প্রথম সাফল্য পেতে প্রচণ্ড আত্মবিশ্বাসী।
 
সম্প্রতি স্পোর্টস ইলাস্ট্র্যাটেডকে মেসি বলেন, দীর্ঘ দিন হয়ে গেছে আর্জেন্টিনা কিছুই জেতেনি এবং এই দল বিশ্বকাপ ও গত কোপা আমেরিকায় (শিরোপার) খুব কাছে গিয়েছিল। আমি মনে করি, গুরুত্বপূর্ণ এক প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য।
 
১৯৯৩ সালে লাতিন আমেরিকার সেরা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর কোনো বৈশ্বিক টুর্নামেন্টেই সাফল্য পায়নি আর্জেন্টিনা। এর মধ্যে বেশ কয়েকবার লক্ষ্যে কাছাকাছি গিয়েও স্বপ্ন ভাঙার হতাশায় ডোবে দলটি।