কয়েকদিন আগে টুইটারে কংগ্রেস তথা গান্ধী পরিবারকে আক্রমণ করেন ঋষি কাপুর। এতে ক্ষেপে গিয়ে ওই অভিনেতার নামে ভারতের এলাহাবাদের এক পাবলিক টয়লেটের নামকরণ করেন কংগ্রেস কর্মীরা।
ডিএনএ ইন্ডিয়া'র এক খবরে বলা হয়েছে, এলাহাবাদের শিবাজী পার্ক অঞ্চলে মঙ্গলবার একটা সুলভ শৌচালয়ের বাইরে অভিনেতা ঋষি কাপুরের একটা বড় পোস্টার আটকে দেন কয়েকজন কংগ্রেস কর্মী। এরপর ওই পাবলিক টয়লেটের নামকরণ করেন ওই অভিনেতার নামে। শুধু তাই নয়; ওই কংগ্রেস কর্মীরা এলাহাবাদের বাসিন্দাদের বেশি করে ওই শৌচালয় ব্যবহার করার আহ্বানও জানান।
এ ঘটনার পর ঋষি কাপুর জানান, 'আমি আনন্দিত‚ অন্তত আমি কারো কাজে আসলাম। এই ব্যক্তিরা (কংগ্রেস কর্মীরা) তো কোনদিন কারো কোনো কাজে লাগবে না। একটা সুলভ শৌচালয় আমার নামে রাখা হলো বলে আমি গর্বিত। কারণ এটা আমাদের প্রধানমন্ত্রীর পছন্দের প্রোজেক্ট।'
গত সপ্তাহে ঋষি কাপুর বেশ কিছু টুইট করে প্রশ্ন তোলেন‚ কেন রাস্তা‚ বহুতল‚ বা সবকিছুর নামকরণ হবে গান্ধী পরিবারের সদস্যদের নামে? তিনি আরও প্রশ্ন তোলেন, কেন কোনো জিনিসের নামকরণের সময় আগে উঠে আসে ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর নাম? কেন ফিল্মি দুনিয়া বা অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাবা হয় না?