মেসি, বোল্টকে ছাড়িয়ে বিরাট কোহলি

বর্তমান বিশ্বে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকার নাম বললে স্বাভাবিক ভাবেই চলে আসবে লিওনেল মেসি কিংবা উসাইন বোল্টের নাম। কিন্তু একদিক দিয়ে তাদেরকে ছাড়িয়ে গেলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি।
 
ব্রিটিশ সাময়িকী স্পোর্টস প্রো এর বিচারে বিরাট কোহলি মেসি কিংবা বোল্টের চেয়ে বেশি বিপননযোগ্য!
 
বিশ্বের ৫০ জন ক্রীড়াবিদকে নিয়ে এই তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি। সেই তালিকাতেই মেসি, বোল্ট, জোকোভিচকে ছাড়িয়ে তিন নম্বরে উঠে এসেছেন দুর্দান্ত ফর্মে থাকা এই ক্রিকেটার।
 
তবে এ তালিকার শীর্ষে রয়েছে মার্কিন বাস্কেটবল তারকা স্টিফেন কারি। ২৮ বছর বয়সী এই ক্রীড়াবিদ চলতি মৌসুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
 
তার পরেই রয়েছেন জুভেন্টাসের ফরাসী তারকা পল পগবা। চলতি গ্রীষ্ম থেকে আগামী তিন বছরে বিপণন সম্ভাবনার ভিত্তিতে তৈরি করা হয়েছে স্পোর্টসপ্রো এর এই তালিকা। বিপণনযোগ্য ক্রীড়াবিদ হিসেবে এই তালিকায় তৃতীয় স্থানে কোহলি। ব্রাজিল সেনসেশন নেইমার এ বছর তালিকায় ৮ নম্বরে অবস্থান করছেন।
 
তালিকায় ২৩ নম্বরে রয়েছে জোকোভিচের নাম। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি রয়েছেন ২৭ নম্বরে। পাঁচবার ব্যালন ডি অর জয়ী মেসির পর ৩১ নম্বরে রয়েছে স্প্রিন্ট কিং বোল্টের নাম।
 
শীর্ষ ৫০-এ ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাও রয়েছেন।
 
এর আগে ২০১১ সালে এই তালিকার শীর্ষে ছিলেন উসাইন বোল্ট। ২০১০ এ ছিলেন বাস্কেটবল তারকা লেবরন জেমস।
 
স্টিফেন কারি বাস্কেটবল যুক্তরাষ্ট্র
পল পগবা ফুটবল ফ্রান্স
বিরাট কোহলি ক্রিকেট ভারত
জর্ডান স্পেথ গলফ যুক্তরাষ্ট্র
এন্থনি জশুয়া বক্সিং যুক্তরাজ্য
কেল নিলসন টেনিস জাপান
লিডিয়া কো গলফ নিউজিল্যান্ড
নেইমার ফুটবল ব্রাজিল
মিসি ফ্র্যাঙ্কলিন সাঁতার যুক্তরাষ্ট্র
মিকাল শিফরিন স্কি যুক্তরাষ্ট্র