গম ও চাল সংগ্রহে দুর্নীতি-কারীদের ক্ষমা নেই: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, 'কৃষকের ঘামঝরা উৎপাদিত ফসল গম ও চাল কেনায় যারা দুর্নীতি করবে তাদের কোন ক্ষমা নেই।' তাদের সমাজ থেকে বয়কট করার জন্য ভূমিমন্ত্রী আহ্বান জানান।
 
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয় না। দেশের উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যেই তাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।'
 
মন্ত্রী শুক্রবার ঈশ্বরদী শেরশাহ রোডস্থ ভূমিমন্ত্রীর বাসভবনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় ভূমিমন্ত্রী বলেন, 'উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে আজ খাদ্যের ঘাটতি নেই। দেশের উন্নয়নের অগ্রগতির জন্য সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে।'
 
কৃষকের স্বাবলম্বী করার কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, 'কৃষিতে ভর্তুকি দিয়ে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হয়েছে। কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংকগুলোতে হিসাব চালু করে সরাসরি কৃষকদের কাছ থেকে গম ও চাল ক্রয় করছে সরকার। অথচ খাদ্য বিভাগের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে সিন্ডিকেট করে কৃষকের উৎপাদিত গম ও চাল ক্রয়ে প্রতারণা ও দুর্নীতি করা হয়। এই অপরাধ ক্ষমার অযোগ্য।' এদের হাত থেকে কৃষকদের বাঁচাতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণে কোন কার্পণ্য করবে না বলে তিনি উল্লেখ করেন।
 
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হটিকালচার উইং পরিচালক এস.এম. আবু জার, অতিরিক্ত উপ-পরিচালক এ.কে.এম. শামীম আলম, পাবনার টেবুনিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হটিকালচার সেন্টারের উপ-পরিচালক আজাহার আলী, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম এবং কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক নুরুন্নাহার উপস্থিত ছিলেন।