যাচ্ছিলেন বিদেশে, ফিরলেন লাশ হয়ে

 
বাহরাইনের বিমান ধরতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে হূদরোগে আক্রান্ত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আনোয়ার হোসেন নামের ৩১ বছর বয়সী ওই তরুণের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে।
 
বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান লালন বলেন, মিহিন লঙ্কার একটি ফ্লাইটে শ্রীলঙ্কা হয়ে বাহরাইনে যাওয়ার কথা ছিল আনোয়ারের। তিনি শ্রমিকের কাজ নিয়ে বাহরাইনে যাচ্ছিলেন। তার ফ্লাইট ছিল বেলা সাড়ে ১২টায়। কিন্তু ১২টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে এসে উনি বুকে ব্যথা অনুভব করেন। পরে চিকিত্সকের পরামর্শে তাকে উত্তরার একটি হাসপাতালে পাঠানো হলে সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
 

পুলিশ কর্মকর্তা লালন বলেন, ছেলে বিদেশ যাবে বলে আনোয়ারের বাবা আব্দুল মালেকও বিমানবন্দরে এসেছিলেন। পুলিশের পক্ষ থেকে আনোয়ারের মৃত্যুর খবর জানানো হলে বিকাল চারটার দিকে ছেলের মৃতদেহ নিয়ে গ্রামের পথে রওনা হন মালেক।