সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও টুইটারে, ব্রাজিলজুড়ে বিক্ষোভ

ব্রাজিলের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক তরুণীকে গণধর্ষণের ভিডিও। এ নিয়ে ফুঁসে উঠেছে দেশ। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।
 
এ ঘটনায় সন্দেহভাজন ৩০ জনেরও বেশি ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ঘটনার শিকার ওই তরুণী জানান, গত শনিবার তিনি নিজের বয়ফ্রেন্ডের বাসায় গিয়েছিলেন।
 
সেখানে তাকে প্রথমে মাদক সেবন করানো হয়। একপর্যায়ে সজাগ হয়ে তিনি নিজেকে নগ্ন ও বিধ্বস্ত অবস্থায় অন্য একটি বাসায় দেখতে পান।
 
তার চারপাশে একদল পুরুষ। পরে তিনি নিজের বাসার উদ্দেশে যাত্রা করেন।
 
এ ঘটনায় ওই বয়ফ্রেন্ডসহ সন্দেহভাজনদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও প্রকাশের ঘটনায় তীব্র ক্ষোভ দেখা গেছে ব্রাজিলের সোশ্যাল মিডিয়ায়।
 
ব্রাজিলে নারী নির্যাতন নতুন কোনও ঘটনা নয়। ব্রাজিলিয়ান ফোরাম ফর পাবলিক সিকিউরিটি-এর হিসাবে, ২০১৪ সালের শুধু পুলিশের কাছে ৪৭ হাজার ৬৩৬টি ধর্ষণের অভিযোগ এসেছে।
 
ধারণা করা হয়, পুলিশের কাছে করা অভিযোগ দেশটিতে সংঘটিত মোট ধর্ষণের মাত্র ৩৫ শতাংশ। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনার শিকার নারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন না। বিবিসি।