খাগড়াছড়িতে ট্রাক খাদে, হেলপার নিহত

 
খাগড়াছড়িতে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে হেলপার আজাদ আলী (৩৫) নিহত হয়েছেন। এ সময় চালক হাসমত আলী (৩০) ও ইউসুফ মিয়া (৪০) নামে একজন গুরুতর আহত হন।
 
শুক্রবার সকালে জেলা সদরের জিরো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক হেলপার আজাদ আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে।
 
খাগড়াছড়ি সদর থানার ওসি সামসুউদ্দীন ভূঁইয়া জানান, ট্রাকটি চট্টগ্রাম থেকে ডাল নিয়ে রাঙ্গামাটির লংগদু আনসার ক্যাম্পে যাচ্ছিলো। খাগড়াছড়িতে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
 
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নয়নময় ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই আজাদের মৃত্যু হয়। এছাড়া আহত অপর দু’জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।