বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৪র্থ বর্ষে আইন বিভাগ

 

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আইন বিভাগ চালু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের মানুষের দৈনন্দিন জীবনে আইন বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করে প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আইন বিষয়ে অভিজ্ঞ করে তোলার উদ্দেশ্যে আইন বিভাগ চালু করে এ বিশ্ববিদ্যালয়টি। আইন অনুষদের অধীনে এ বিভাগে বর্তমানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী স্নাতকপর্যায়ে অধ্যায়নরত রয়েছে। সময়োপযোগী একাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যত্ প্রতিযোগিতার যোগ্য করে তোলার জন্য বিভাগটির রয়েছে নিজস্ব ডিবেটিং ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাব এবং মুটিং সোসাইটি। নিয়মিত আয়োজন করা হয় আইন বিষয়ক বিভিন্ন সেমিনার এবং প্রতিযোগিতার। নিজেদের ঐকান্তিক প্রচেষ্টা এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে এ বিভাগের শিক্ষার্থীরা।

আইন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ রবিউল আউয়াল বলেন ‘আইনের প্রতি আগ্রহ থেকেই ২০১৭ সালে ভর্তি হই বশেমুরবিপ্রবি আইন বিভাগে। এমন একটি বিভাগের শিক্ষার্থী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত’। বিভাগটি সম্পর্কে আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান জানান চার বছর মেয়াদী স্নাতকপর্যায়ের কোর্সে আমরা প্রায় ৪৬টি কোর্স পড়িয়ে থাকি। ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন পদ্ধতিতে শিক্ষাপ্রদান করায় আমাদের শিক্ষার্থীরা সহজেই এর গুরুত্ব অনুধাবন করতে পারে। আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চেষ্টা করছি যাতে তারা ভবিষ্যত্ প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে সহজেই নিজেদের প্রতিষ্ঠা করতে পারে এবং নিজেদের মেধা ও যোগ্যতার সাহায্যে ভবিষ্যতে দেশের আইনক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আইন বিভাগ নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনা এবং প্রত্যাশা সম্পর্কে বিভাগটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মিয়া বলেন আমরা ২০১৬ সালে স্নাতক পর্যায়ের কার্যক্রম শুরু করি এবং ২০২০ এর জানুয়ারি থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু করবো। আমাদের বিভাগটি সম্পূর্ণ সেশনজট মুক্ত এবং আমরা সর্বদা চেষ্টা করি শিক্ষার্থীদের সর্বোচ্চমানের শিক্ষাপ্রদান করার ও সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করার।