চিলিতে ছাত্র বিক্ষোভকালে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। পুলিশ এসময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে।
সরকারি তরফ থেকে বলা হয়েছে বিক্ষোভকারীরা পুলিশের পরামর্শমত রাজধানী সান্তিয়াগোর একটি বিকল্প রুট ব্যবহারের পরামর্শ অগ্রাহ্য করলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। অন্যদিকে ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও তারা দাঙ্গা পুলিশের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। মিচেল বাসেলেট সরকারের শিক্ষা সংস্কারের গতি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
এর আগে চিলির সকল নাগরিকের জন্য বিনা খরচে বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও তার বাস্তবায়ন হয়নি। বিক্ষোভকালে ছাত্র-ছাত্রীদের ‘আমরা অপেক্ষা করতে করতে ক্লান্ত’ ইত্যাদি লেখা ব্যানার বহন করতে দেখা যায়।
বৈষম্য দূরীকরণে নানা সামাজিক পদক্ষেপের প্রতিশ্রুতি নিয়ে ২০১৪ সালে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট বাসেলেট। এর মধ্যে চিলির শিক্ষা ব্যবস্থার সংস্কার অন্যতম। দেশটির শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর ও অত্যন্ত ব্যয়বহুল। নির্বাচনকালে প্রেসিডেন্ট সকলের জন্য বিনা খরচে শিক্ষার প্রতিশ্রুতি দেন। যদিও গত বছর অর্থনৈতিক মন্দার কারণে এই সংস্কার কার্যক্রম পিছিয়ে পড়ে।
গত শনিবার মিসেস বাসেলেটের জাতির উদ্দেশে বার্ষিক ভাষণদানকালে ভালপারাইসোতে সহিংস প্রতিবাদ দেখা দেয়। বিক্ষোভকারীরা এসময় একটি ফার্মেসি ও সুপার মার্কেটে আগুন ধরিয়ে দিলে এক নিরাপত্তারক্ষী নিহত হন।
সান্তিয়াগো স্টুডেন্ট ইউনিয়নের প্রধান মার্তা মাতামালা জানান, আজ থেকে আমরা রাস্তায় অবস্থান নিতে যাচ্ছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে। সূত্র: বিবিসি