বাম কব্জির ইনজুরির কারনণ ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নয়বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।
নাদাল জানিয়েছেন, এটা ভাঙেনি, কিন্তু আমি যদি খেলা চালিয়ে যাই তবে কয়েকদিনের মধ্যেই শতভাগ ভেঙে যাবে। টুর্নামেন্টে জিততে হলে আমার আরো পাঁচটি ম্যাচ খেলতে হবে। কিন্তু চিকিৎসকরা বলেছেন এটা অসম্ভব। কব্জির অবস্থা একেবারেই ভাল নয়, এটাই জীবন, এটাকেই মেনে নিতে হবে।
১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নায়ক নাদাল ক্যারিয়ারের অনেকটা সময় হাঁটু ও কব্জির ইনজুরির কারণে কোর্টের বাইরে ছিলেন। ডান কব্জির ইনজুরিতে পড়ে ২০১৪ সালের ইউএস ওপেন খেলা হয়নি। আগামী মাসে শুরু হওয়া উইম্বলডনের তার অংশগ্রহণ নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে।
নাদাল নাম প্রত্যাহার করে নেয়ায় সতীর্থ অপর স্প্যানিয়াজ মার্সেল গ্রানোলারস ওয়াকওভার পেয়ে শেষ ১৬ তে জায়গা করে নিলেন। তবে নাদাল না থাকায় নোভাক জকোভিচের সামনে প্রথমবারের মত ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের দারুন সুযোগ এলো।-বাসস।