'পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান' খ্যাত অভিনেতা জনি ডেপকে তার ‘আলাদা হয়ে যাওয়া’ স্ত্রী অ্যাম্বার হেয়ার্ডের কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক। এ হলিউড অভিনেতার বিরুদ্ধে তার স্ত্রী ‘মারধরের’ অভিযোগ করার পর শুক্রবার লস অ্যাঞ্জেলসের সুপিরিয়র আদালতের বিচারক এ আদেশ দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবার আদালতে অ্যাম্বার একটি আলোকচিত্র নিয়ে আসেন যেখানে তার আঘাতপ্রাপ্ত মুখ ও চোখের দেখা মিলেছে। অভিযোগে বলা হয়েছে, স্বামী-স্ত্রীর ঝগড়ার সময় ডেপ তার মোবাইল ফোন অ্যাম্বারের দিকে ছুঁড়ে মারেন। আদালত জনি ডেপকে অ্যাম্বারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে বলে অ্যাম্বারের আইনজীবী জোসেফ কয়েনিগ জানিয়েছেন।
এ প্রসঙ্গে অ্যাম্বার বলেন, 'বিচারক আমাদের জমা দেয়া প্রমাণ বিবেচনায় নিয়ে জনির বিরুদ্ধে আদেশ দিয়েছেন। এ বিষয়ে আরও শুনানি হবে।'
ডেপের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় আঘাত, সজোরে চুল ধরে টানা, চিৎকার করা ও মুখে আঘাত করার অভিযোগ এনেছেন অ্যাম্বার। অভিযোগপত্রে তিনি লেখেন, 'আমি সবসময় ভয়ের মধ্যে থাকতাম যে জনি যে কোন সময় বাড়ি ফিরে আমার উপর শারীরিক ও মানসিকভাবে চড়াও হবে।'
১৫ মাসের সংসারজীবনে বেশ কয়েককবার এ ধরণের ঘটনা ঘটেছে বলেও দাবি এ অভিনেত্রীর। ডেপের আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল দুইজনের আলাদা থাকার বিষয়ে সম্মত হয়েছেন। ব্যান্ড দল 'হলিউড ভ্যাম্পায়ার'-র সঙ্গে ডেপ বর্তমানে পর্তুগাল সফর করছেন।
গেল সপ্তাহে বিচ্ছেদের আবেদন করেন অ্যাম্বার। আবেদনে ডেপের সঙ্গে 'শত্রুভাবাপন্ন পার্থক্য’ চলছে দাবি করে অ্যাম্বার দুজনের দাম্পত্য সম্পর্কের ইতি টানার অনুমতি চান। বিবিসি।