ইউক্রেনে ভূমিকা নিয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে নিন্দা জানিয়েছে গ্রিস। গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বলেন,এটি প্রকৃত অর্থে ভালো কোন ফল বহন করে না। বিশ্বে নতুন করে স্নায়ুযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চলছে। এথেন্সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গ্রিক প্রধানমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি এবং এখনো বলছি একটা দুষ্ট চক্র বিশ্বকে আবার অস্থিতিশীল করে তুলছে। এখানে নতুন করে স্নায়ুযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চলছে। তিনি বলেন, এভাবে কোন সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান চাইলে আলোচনার টেবিলে বসতে হয়।
এদিকে পুতিন বলেন, ক্রিমিয়া নিয়ে কোন আলোচনা নয়। ২০১৪ সালে ক্রেমলিন সমর্থিতরা ক্রিমিয়া দখল করে নেয়। আর এরপরেই যুক্তরাষ্ট্র এবং ইইউ আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। উল্লেখ্য ক্রিমিয়ার এই ভূখণ্ডটিতে জাতিগত রুশ নাগরিকের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এখানকার মানুষেরা রাশিয়ার সঙ্গে থাকাতে গণভোটে রায় দেয়। যদিও বিষয়টিকে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব অবৈধ বলে মনে করে।
বিবিসির প্রতিনিধি টমাস ফেসি বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের গ্রিস সফরের উদ্দেশ্য হচ্ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করা। ক্রিমিয়া নিয়ে তারা যে বর্তমান অবস্থানে আছেন তা থেকে ফিরে আসা। তবে গ্রিস সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রোমানিয়া ও পোলান্ডে যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা তাদের নিরাপত্তার জন্য সরাসরি মারাত্মক হুমকিস্বরূপ। তিনি বলেন, আমরা মনে করি বিষয়টি নিয়ে আলোচনার সকল পথ রুদ্ধ। তাছাড়া এ নিয়ে কারো সঙ্গে কোন আলোচনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সূত্র: বিবিসি