ম্যানিলায় সাংবাদিককে গুলি করে হত্যা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিক অপরাধ বিষয়ক রিপোর্টিংয়ের জন্য সুপরিচিত ছিলেন।
 
ফিলিপাইনে সাংবাদিক  হত্যার ঘটনার কোন বিচার না হওয়ায় নিহতদের তালিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ঘটনা।

ফিলিপাইনের জাতীয় প্রেস ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, আলেং বালকোবা (৫৬) ম্যানিলার কেন্দ্রস্থলে তার পারিবারিক মালিকানাধীন একটি ঘড়ি মেরামতের দোকানের বাইরে শুক্রবার রাতে হামলার শিকার হন।

প্রেস ক্লাবের প্রেসিডেন্ট পল গুটিরেজ জানান, পিপলস ব্রিগেডা ট্যাবলয়েডের সাংবাদিক বালকোবার ওপর এ হামলা চালানো হয়। ২০১০ সাল থেকে ফিলিপাইনে এ ধরণের হামলার ঘটনায় ৩০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।

গুটিরেজ বলেন, ‘দেশে দায়মুক্তির সংস্কৃতির কারণেই এ ধরণের অপরাধ ঘটছে। কর্তৃপক্ষের বারবার অঙ্গীকার সত্ত্বেও তারা এখন পর্যন্ত এটি কোন সমাধান করতে পারেনি।’
 
ম্যানিলা পুলিশ বালকোবার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে তারা এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি। সূত্র: বিবিসি