পুঁজিবাজারের নয় প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা

 
 
নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে না পারায় ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের নয় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ কোম্পানিগুলোর স্বাধীন ও মনোনীত পরিচালক ছাড়া অন্য সব পরিচালককে এ জরিমানা করা হয়েছে।
 
বিএসইসি জানিয়েছে, মেঘনা শ্রিম্প ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৪ সালের ৩১ মার্চ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ ২০১৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় টিউলিপ ডেইরির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৪ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও একই সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় চিক টেক্সটাইলের সব পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার কোম্পানি, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট, রোজহ্যাভেন বলপেন, রাসপিট (আইএনসি) বাংলাদেশ, মিতা  টেক্সটাইল ও মেটালেক্স করপোরেশনের সব পরিচালককে একই কারণে ১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।