ফারদিন খানের মুটিয়ে যাওয়া ছবি নিয়ে রঙ্গ রসিকতায় মশগুল ছিল টুইটার। সেইসব রঙ্গ রসিকতার কঠোর জবাব দিয়েছেন তিনি।
ভাইবোনদের সঙ্গে একটি ছবি টুইটারে পোস্ট করেছিলেন হৃত্বিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান। সেখানে অনেক বছর পর দেখা যায় এক সময়ের অভিনেতা ফারদিন খানকে। তবে মোটা হওয়ার কারণে চেনাই যাচ্ছিল না তাকে। আর তা নিয়েই উঠে পড়ে লাগে টুইটার জগত। ‘মোটা’ ফারদিনকে নিয়ে একের পর এক ট্রল, মিম তৈরি শুরু হয়। এক সময়ের এই ‘চকলেট হিরো’ বনে যান হাসির খোরাক। তার পক্ষে দাঁড়িয়ে ছিলেন একসময় মোটা হওয়ার কারণে রঙ্গ রসিকতার শিকার হওয়া আদনান সামি।
এবার মুখ খুলেছেন খোদ ফারদিন নিজেও। প্রয়াত অভিনেতা ফিরোজ খানের এই পুত্র ফেসবুকে লেখেন, সবাইকে বলছি, আমি মোটেও লজ্জিত, হতাশ কিংবা অন্ধ নই। আমি কি খুশি? অবশ্যই!! ছুটির দিনগুলোতে আপনাদের আনন্দ দিতে পেরে আমার ভাল লাগছে। যদি আমাকে নিয়ে হাসাহাসি শেষ হয়, তাহলে অনুরোধ করবো একবার নিজের দিকে তাকিয়ে দেখুন।
ফারদিন যোগ করেন, যদি এভাবে একজন মানুষকে নিয়ে হাসাহাসি করে আপনার নিজেকে শক্তিশালী মনে হয়, তবে আপনার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আমি বাক স্বাধীনতায় সম্পূর্ণ বিশ্বাস করি, তবে ইন্টারনেটে বাক স্বাধীনতার নামে এখন যা হচ্ছে তা সত্যিই ভয়ঙ্কর। আমি শুধু বলতে চাই, অনেক দিন পর আমি আমার জীবনে একটি ভাল অবস্থানে আছি। আমি চাই আপনারা সবাই আমার জন্য খুশি হন এবং আমাকে দেখে হতাশ বোধ না করুন। ইন্ডিয়ান এক্সপ্রেস।