দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন। যখন আমারা উন্নয়নে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় এই উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে।
 
শনিবার বিকালে পটুয়াখালীর কলাপাড়ায় নবগঠিত মহিপুর থানার কার্যক্রম উদ্বোধন করে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
 
পটুয়াখালী জেলা পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আসলাম চৌধুরী যে সব কর্মকাণ্ড করেছে তা দেশ বিরোধী। ২০১৩ সালে এবং ২০১৫ সালে অগ্নিসংযোগ করেছে। সীতাকুণ্ডকে ছাড়খার করার প্রচেষ্টা করেছে। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তার প্রচেষ্ট পণ্ড করে দিয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন করিব, পটুয়াখালী জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান রিন্টু, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলগীর হোসেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম রাকিবুল আহসান প্রমুখ।