অহিংস এক আন্দোলনের ঘোষণা দিল ভারতের কর্নাটক রাজ্যের পুলিশ। জানিয়েছে সিনিয়র অফিসাররা যখন-তখন অপমান করেন তাদের। আর সেই কারণে এক সঙ্গে গণ ছুটিতে যাচ্ছেন রাজ্যের ৫০ হাজার পুলিশ সদস্য। এনডিটিভি জানিয়েছে, এক সঙ্গে ৫০ হাজার সদস্য কাজ না করলে কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙ্গে পড়বে রাজ্য ব্যবস্থা।
বিদ্রোহী পুলিশকর্মীদের তীব্র ক্ষোভ জমেছে কর্নাটক সরকারের বিরুদ্ধেও। এক 'বিদ্রোহী' পুলিশকর্মীর কথায়, 'শৃঙ্খলার নামে সিনিয়ররা দিনের পর দিন অপমান, হেনস্থা করছে। সামান্য বেতন। কোনও দিনও ছুটি দিতে চায় না। এ ভাবে চাকরি করা যায়? আমরা আর পারছি না। ঘর-সংসার বলে কিছু নেই আমাদের!'
এই প্রথম ভারতের কোনো রাজ্যে এমন অভিনব কায়দায় প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছে পুলিশ সদস্যরা। দেশটির গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে ৫০ হাজার পুলিশকর্মী ছুটির আবেদন করে দিয়েছেন। তারা আবেদন পত্রে ছুটির কারণ হিসেবে লিখেছে 'হ্যারেজমেন্ট ভ্যাকেশন' বা হেনস্থ ছুটি। তবে রাজ্য প্রশাসন প্রতি জেলার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে ছুটির আবেদন মঞ্জুর না করার জন্য। এনডিটিভি।