চট্টগ্রাম নগরীতে কলেজ শিক্ষকের মাথায় অস্ত্র ঠেকিয়ে তার মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার হুমায়ন কবির সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক।
আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কোতোয়ালি থানার লাভ লেইন মোড়ে এ ঘটনা ঘটে।
হুমায়ন কবির বলেন, সকালে কলেজে যাওয়ার জন্য সিআরবি এলাকার বাসা থেকে বের হয়ে রিকশা করে লাভ লেইন মোড়ে পৌঁছতেই দুই ছিনতাইকারী রিকশার সামনে এসে দাঁড়ায়। তারা সামনের চাকা ধরে রিকশাটি উল্টে দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়লে মাথার পেছনে একজন পিস্তল ধরে। তার সঙ্গে থাকা কলেজের কাগজপত্র ভর্তি একটি ব্যাগ ছিনতাইকারীরা নেয়নি। তবে সঙ্গের স্যামসং এস-৩ মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই একটি সিএনজিচালিত অটোরিকশা এসে তাদের সামনে থামলে ছিনতাইকারীরা তাতে উঠে চলে যায়।
মানিব্যাগটিতে পাঁচ হাজার টাকার মতো ছিল বলে জানান তিনি।