বুদাপেস্টে একই সময়ে দীপিকা ও সালমান

 
বুদাপেস্টে একই সময় ভ্রমণ করছেন দীপিকা পাড়ুকন ও সালমান খান। সম্প্রতি বেশ কয়েকবার বলিউডের সিনেমায় এই জুটিকে এক সঙ্গে দেখা যাবার কানাঘুষা চললেও শেষ পর্যন্ত একত্রে কাজ করা হয়নি তাদের। কিন্তু একই সময়ে তাদের বুদাপেস্টে সফরের ঘটনায় আবারো বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলিউডে।
 
এর আগে প্রেম রতন ধন পায়ো এবং সুলতানে সালমানের বিপরীতে কাজ করার জন্য ডাক পেয়েছিলেন দীপিকা। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে তা আর হয়ে ওঠেনি। সম্প্রতি শোনা গিয়েছিল যে সালমানকে নিয়ে কবীর খানের আগামী ছবিতে কাজ করার জন্য দীপিকা নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও কবীর খানের ছবিতে ইতিমধ্যেই এক চৈনিক অভিনেত্রীর কাজ করার কথা রয়েছে।
 
এদিকে বুদাপেস্টে দীপিকা-সালমানের ভ্রমণ সূচি একই সময় হলেও তাদের দেখা হওয়ার সম্ভবতা খুবই কম। দীপিকা সেখানে যাচ্ছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যাননের 'রাবত'-এর একটি বিশেষ গানের শুটিং-এ। আর, সালমান তার 'সুলতান'-এর শেষ পর্যায়ের কাজ শেষ করতে যাচ্ছেন সেখানে।
 
তবু এই দুই বলিউড তারকার ফ্যানরা আশা করতেই পারেন, ভিনদেশে গিয়ে দু'জনের কথা হবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে। জি নিউজ।