দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সদের ধর্মঘট ডাকা বন্ধে নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিট আবেদনে, ধর্মঘট ডাকার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের ডিজির নেতৃত্বে কমিটি গঠন করে ডিউটিকালীন সময়ে চিকিৎসক ও নার্সরা কর্মবরতি পালন করে কিনা সে বিষয়ে মনিটরিং কমিটি গঠনের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
রবিবার হিউম্যান রাইটস অ্যান্ড পিন ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ এই রিট আবেদন দায়ের করেন। চলতি সপ্তাহে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
রিট আবেদনে বলা হয়, কেনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা যখন-তখন ধর্মঘট ডেকে বসেন। এতে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন।