কোহলির মুখে কারো প্রশংসা শোনা নিঃসন্দেহেই আবাক করার মত বিষয়। ভারতের এই মারমুখো ব্যাটসম্যান সর্বদাই প্রতিপক্ষকে কিভাবে একহাত দেখে নেবেন সেই আলোচনাই করেন। তবে এবার ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের আগে প্রতিপক্ষ সারনাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ভূয়সী প্রশংসা করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। কোহলি বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়েই ওয়ার্নার এ পর্যন্ত এসেছেন।
তৃতীয়বারের মত আরসিবিকে ফাইনালে ওঠানোর পুরো কৃতিত্বই এবার কোহলির। তিনি মনে করেন, ওয়ার্নারেরও সেই একই অধিনায়কত্বের দক্ষতা আছে। এবারের ফাইনালের আগ পর্যন্ত দুই দলের দুই অধিনায়ক সামনে থেকে নিজ নিজ দলকে নেতৃত্ব দিয়েছেন। ১৬ ম্যাচে ওয়ার্নারের রান যেখানে ৭৭৯ সেখানে ১৫ ম্যাচ খেলে এবারের মৌসুমে কোহলি সংগ্রহ করেছেন রেকর্ড ৯১৯ রান।
রবিবার ব্যাঙ্গালুরুর ফাইনালের আগে কোহলি বলেছেন, 'আমি মনে এবারের টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে ওয়ার্নার ছিলেন দারুন সফল। নিজের দায়িত্ব সে যেভাবে সামনে থেকে নেতৃত্বের মাধ্যমে পালন করেছেন তা তার চরিত্রের সাথে দারুন মানানসই। আমি মনে করি, আমাদের দুজনের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। ম্যাচে আমরা একইভাবে প্রতিপক্ষের বিপক্ষে পরিকল্পনা সাজিয়ে মাঠে নামি। দলের জন্য অবদান রাখার চেষ্টা করি, সতীর্থদের এক কাতারে নিয়ে আসি এবং তাদের মধ্যে বিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করি যে প্রত্যেককে নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে।'
টুর্নামেন্টের মাঝপথে ইনজুরির কারণে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ডেভিড মিলার ছিটকে পড়ার পরে একমাত্র বিদেশী অধিনায়ক হিসেবে এবারের মৌসুমে টিকে ছিলেন ওয়ার্নার। কোহলির মতে, দলের সিনিয়র খেলোয়াড় বিশেষ করে যুবরাজ সিং, আশিষ নেহরাদের পাশাপাশি তরুন মুস্তাফিজুর রহমানকে সে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা সত্যিই অসাধারণ।
দুই দলই প্রথমবারের মত আইপিএল শিরোপা ঘরে তোলার মিশনে মাঠে নামবে। তবে কোহলি মতে করে ব্যাঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামের ঘরের দর্শক তাদেরকে কিছুটা হলেও এগিয়ে রাখবে। বাসস।