গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

 
গাজীপুরের কালীগঞ্জে ওয়েলডিংয়ের কাজ করতে গিয়ে আপেল (২২) নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। রবিবার দুুপুরে উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া নামকস্থানের সেভেন রিং সিমেন্ট কারখানার ২ নম্বর গেইটের সীমানা প্রাচীরে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত আপেল নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী এলাকার বাঘাবো গ্রামের শ্যামলের ছেলে। তিনি সেভেন রিং সিমেন্ট কারখানায় মো. কুদ্দুস মিয়া নামের এক ঠিকাদারের তত্ত্বাবধানে ওয়েলডিং শ্রমিকের কাজ করতেন।  
 
জানা গেছে, দুপুরে সেভেন রিং সিমেন্ট কারখানার ২ নম্বর গেইটের সীমানা প্রাচীরে ওয়েলডিংয়ের কাজ করছিলেন আপেল। এসময় তার সহকর্মী একটি এঙ্গেল দেয়। এটি তার মাথার উপরে পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারের সাথে লেগে আপেল বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্য সহকর্মীদের সহযোগিতায় সেভেন রিং সিমেন্ট কারখানার হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর নির্দেশ দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আহমেদ কবির জানান, আপেলকে মৃত অবস্থায় স্বপন নামের তার এক আত্মীয় তাকে হাসপাতালে নিয়ে আসে।
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।