নেত্রকোনায় নির্বাচনী সংঘর্ষে আহত ৩০

জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গ্রামে রবিবার নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই গ্রামের নির্বাচিত মেম্বার হায়দার আলী ও পরাজিত আমানুল্লাহকে আটক করেছে।   
 
জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বলাইশিমূল ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে বেজগাও গ্রামের পশ্চিমপাড়ার হায়দার আলী মেম্বার নির্বাচিত হন। পরাজিত হন পূর্বপাড়ার আমানুল্লাহ। এ কারণে নির্বাচনের সময় থেকেই দু’পাড়ার লোকদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 
 
সংঘর্ষে গুরুতর আহত শাহজাহান ও সোহেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং দেলোয়ার হোসেন, ফজলু মিয়া, জামিল আহমেদ, সুমন মিয়া, আনোয়ারুল ইসলাম, আব্দুস সালাম, আজিজ মিয়া, সাইফুল ইসলাম, হালিম মিয়া, আবুল মিয়া, পলাশ মিয়া, রিটন মিয়া, মাজু মিয়া, রফিকুল ইসলাম, বিউটি আক্তার, মঞ্জু মিয়া, সাঈদ মিয়া, সায়েম, আলম ও সুজাত মিয়াকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।