মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার আব্দুল জাব্বার মণ্ডলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এ ছাড়াও অন্য এক মামলায় গ্রেফতার মো. রঞ্জু মিয়াকে মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে।
রবিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- আব্দুল জাব্বার মণ্ডল, মো. জাফিজার রহমান ওরফে খোকা, আব্দুল ওয়াহেদ মণ্ডল, মমতাজ আলী ব্যাপারী ও আজগর হোসেন খান।
ট্রাইব্যনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা এবং প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী।
১৯৭১ সালে সাধারণ মানুষের ওপর হামলা, হত্যা ও ৫০টি বাড়িতে লুটপাট করা এবং খোঁজে খোঁজে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগ রয়েছে গাইবান্ধা জেলার নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের এই বাসিন্দাদের বিরুদ্ধে।