পাবনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছাগল চুরির ঘটনায় শালিসের জের ধরে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে।
 
রবিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। রিপন গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
 
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, শবেবরাতের আগের রাতে মানিকনগর গ্রামের জনৈক ইজিবর প্রামানিকের একটি ছাগল চুরি হয়। ওই ছাগল চুরি করার পর জবাই করে খেয়ে ফেলেন আজিজ মৃধার ছেলে শফিকুল ইসলামসহ কয়েকজন। এ নিয়ে দুপুরে এলাকায় শালিস বৈঠক বসলে চুরির ঘটনার সত্যতা প্রমাণ হয়। এতে রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শফিকুলকে ১৫ হাজার টাকা জরিমানা ও ১০টি লাঠির বাড়ি শাস্তি নির্ধারণ করেন।
 
এতে ক্ষিপ্ত হয়ে বিকেল ৫টার দিকে রিপনকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান শফিকুল। স্থানীয়রা আহত রিপনকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।