ভাঙ্গায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ৬ পুলিশসহ আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় রবিবার বিকেলে ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দি গ্রামে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ৩ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার, বাসার, আশিকুজ্জামান ও ৩ পুলিশ সদস্য সহ ৩০ গ্রামবাসী আহত হয়েছে। 
 
আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবি লাঠি চার্জ সহ গুলি বর্ষণ করে। ঘটনাস্থল থেকে ৬ গ্রামবাসীকে আটক করে পুলিশ।  জানা গেছে, দুপুরে জুলহাস মেম্বারের সমর্থক টিপু খানকে হাতুর দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে বুলবুল মেম্বারের লোকজন।  
 
খবরটি উভয় গ্রুপের লোকজনের কানে পৌঁছালে দেশীয় অস্ত্র রামদা, বল্লম, টেটা, কালি, সড়কি সহ ইট-পাটকেল নিয়ে নারী-পুরুষও শিশুরা পর্যন্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। 
 
পরিস্থিতি পুলিশে বাইরে চলে গেলে পরবর্তীতে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। তাছাড়া থানা সদর থেকে ১০ কিলোমিটার দূরত্বে দুর্গম এলাকা হওয়াতে দীর্ঘ সময় ধরে গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত থাকে।