নিয়মিত কাজের পাশাপাশি এখন শোবিজ ব্যস্ততায় এরই মধ্যে যোগ হয়েছে ঈদের কাজ। নিয়মিত নির্মাতাদের পাশাপাশি বিশেষ দিবস নির্ভর নির্মাতারাও কাজ শুরু করতে যাচ্ছেন। প্রতিবারের মতো এবারও নাটক নির্মাণ করছেন নির্মাতা, অভিনেতা ও বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ।
এবার ‘রঙিন ফুল’ শিরোনামে ঈদুল ফিতরের জন্য একটি নাটক নির্মাণ শুরু করেছেন তিনি। নাটকটি রচনা করেছেন আনিসুল হক।
নাটক প্রসঙ্গে শামীম আহমেদ বলেন, ‘সারাবছর কাজ করার সুযোগ হয় না। তাই চেষ্টা করি বিশেষ দিনগুলোতে কাজ করার। এখন চ্যানেলের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতাও বেড়েছে। এর মধ্যে দর্শকদের কাছে একটি কাজ ভাল লাগানোর জন্য পরিশ্রমটা একটু বেশিই করতে হয়। আশা করি, আমার এই নাটকটি দর্শকদের ভাল লাগবে।’
মনস্তাত্ত্বিক একটি গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে নাটকটি। নাটকটিতে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ, দীপা খন্দকার প্রমুখ।