শৈলকুপায় জেপি প্রার্থীর ৫টি মোটর সাইকেল ভাঙচুর

রবিবার বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে  নির্বাচনী সহিংসতায় জেপি চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবলুর পক্ষের ৫টি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, মিজানুর রহমান বাবলু তার সমর্থকসহ খড়িবাড়িয়া গ্রামে প্রচারণা চালাতে যান। 
 
আবার আওয়ামী লীগ প্রার্থী সাবদার হোসেন মোল্লার সমর্থকরা একই গ্রামে প্রচারণায় যায়। দু গ্রুপ মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় মিজানুর রহমান বাবলুর পক্ষের ৫টি মোটর সাইকেল ভাঙচুর হয়। অপর পক্ষের ১টি মোটর সাইকেল ভাংচুর হয়। 
 
 মিজানুর রহমান বাবলু অভিযোগ করেন তার প্রতিপক্ষের লোকজন নির্বাচনী প্রচারণায় নানা ভাবে বিঘ্ন সৃষ্টি করছে।  রবিবার বিকালে নৌকার পক্ষের লোকজন খড়িবাড়িয়া গ্রামে নির্বাচনী প্রচারণা কালে হামলা করে। তিনিসহ অন্যান্য কর্মীরা মোটর সাইকেল ফেলে নিরাপদ স্থানে আশ্রয় নেন। হামলাকারীরা ৫টি মোটর সাইকেল ভাঙচুর করে।  
 
 আওয়ামী লীগ প্রার্থী সাবদার হোসেন মোল্লার ছেলে শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ মোল্লা পাল্টা অভিযোগ করেন। খড়িবাড়িয়া গ্রামে তাদের কর্মীরা ৮টি মোটর সাইকেল নিয়ে প্রচারণায় যায়। এ সময় মিজানুর রহমান বাবলুর লোকজন হামলা চালায়। পাল্টা হামলায় কয়েকটি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।