বেগমগঞ্জে তিন ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান ঘোষণা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, দাঙ্গা হাঙ্গামার কারণে ১৪৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রেই ভোট গ্রহন স্থগিত করা হয়। একটি মাত্র ইউনিয়ন গোপালপুরে কোনো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত না হওয়ায় নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করা গেছে। ছয়ানী ও কাদিরপুর ইউনিয়নে একটি করে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে প্রাপ্ত ভোটের ব্যবধান বেশি থাকায় ওই দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
 
বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নে নির্বাচিত মো. কামরুল হুদা (আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ৮৭৩৯। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম (বিএনপি) প্রাপ্ত ভোট ২৪৬১। ছয়ানি ইউনিয়নে নির্বাচিত মো. মহিউদ্দিন (আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ১০৯৫৩, প্রতিদ্বন্দ্বী মো. জামাল উদ্দিন (বিএনপি) প্রাপ্ত ভোট ১৩৯৪, কাদিরপুর ইউনিয়নে নির্বাচিত মো. ছালাহ উদ্দিন (আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ৫৭৩৪, প্রতিদ্বন্দ্বী জাবেদ উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রাপ্ত ভোট ১৭৯৭। বাকি ১৩টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী নয় ইউনিয়নে, বিএনপি প্রার্থী তিন ইউনিয়নে ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এক ইউনিয়নে এগিয়ে রয়েছে।