নীলফামারীতে ছেলের লাথিতে মায়ের মৃত্যু

নীলফামারীতে ছেলের লাথিতে মায়ের মৃত্যু হয়েছে। নিহত জাহেদা বেগম (৫৫) ওই গ্রামের হবিবুর রহমান হবির স্ত্রী। সোমবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করেছে।  রবিবার রাতে জেলার  কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বাজেডুমুরী কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের ছেলে ও বউ পলাতক রয়েছেন।
 
ওই গ্রামের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ছেলে আবুল কালামের স্ত্রী মঞ্জিলা বেগমের সঙ্গে শাশুড়ি জাহেদার দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। রাত একটার দিকে স্ত্রীর পক্ষ নিয়ে ছেলে কালাম তার মা জাহেদাকে মারপিট ও লাথি মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।