রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হল থেকে দুই শিক্ষার্থীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ। এরা হলেন, ক্রপ সায়েন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুল গফ্ফার ও তার সহপাঠী মাহবুব।
রবিবার রাত আড়াইটার দিকে তাদেরকে আটক করা হয়। আটকের ১২ঘণ্টা পর সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম কিছুই জানেন না বলে ইত্তেফাককে জানান।
হল সূত্রে জানা গেছে, শহীদ হবিবুর রহমান হলে গভীর রাতে রাজশাহী মহানগর পুলিশের একটি দল ২৩৬ নম্বর কক্ষ থেকে আব্দুল গফফার ও ৪৪২ নম্বর কক্ষ থেকে মাহবুবকে আটক করে নিয়ে যায়। রাতে পুলিশ আব্দুল গফফারকে আটক করার সময় তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করে বলে গফফারের রুমমেট জানান।
ক্রপ সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোসলেহ্ উদ্দীন বলেন, ‘তৃতীয় বর্ষের পরীক্ষার্থী আব্দুল গফফার ও মাহবুব নামের দুই শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। তবে আটকের কারণ জানা নেই।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মো. মজিবুল হক আজাদ খান বলেন, ‘দুই শিক্ষার্থীকে আটকের খবর মহানগর পুলিশজানিয়েছে। তবে আটকের কারণ সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ।’