সিরিয়ায় নিখোঁজ জাপানি সাংবাদিক জুম্পেই ইয়াসুদা জঙ্গিদের হাতে জিম্মি হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। জঙ্গিদের প্রকাশিত ভিডিওতে ইয়াসুদাকে সাহায্য চাইতে দেখা যাচ্ছে।
গত বছরের জুলাইয়ে তুরস্ক থেকে সিরিয়া প্রবেশের পরপরই তিনি নিখোঁজ হন। ধারণা করা হয়, আল কায়েদার সহযোগী জিহাদি সংগঠন নুসরা ফ্রন্ট তাকে অপহরণ করেছে। গত রবিবার অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দীর্ঘ শ্মশ্রুমণ্ডিত ইয়াসুদাকে ‘আমাকে সাহায্য করুন’ ও ‘এটাই আমার জন্য সর্বশেষ সুযোগ’ ইত্যাদি লেখা সম্বলিত ব্যানারসহ দেখা যায়।
জাপান সরকার জানিয়েছে, তাকে উদ্ধারের জন্য সবকিছু করা হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুমিয়ো কিসিদা সোমবার জানান, আমরা বিশ্বাস করি প্রদর্শিত ছবি ইয়াসুদার এবং আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। গত মার্চে এক ভিডিওতে জাপান সরকার তাকে অবহেলা করছে বলে অভিযোগ করেছিলেন জুম্পেই ইয়াসুদা। সূত্র: বিবিসি