মুন্সীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শ্রীনগর উপজেলার দক্ষিণ কামারগাঁও মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হল মাঠপাড়া গ্রামের শওকত শেখের ছেলে শাহেদ (৬) ও শাহিন শেখের ছেলে আবীর (৫)। শাহেদ দক্ষিণ কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ও আবির টেক্সাস কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির ছাত্র ছিল।
 
সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, দুপুরে স্কুল থেকে ফিরে আবীর ও শাহেদ বাড়ির পাশে খেলতে যায়। কিছুক্ষণ পর গ্রামের একটি জমিতে জমে থাকা পানিতে আবীরকে ভাসতে দেখে তার সহপাঠী সিয়াম বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন আবীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার  পর শাহেদও ভেসে উঠে। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।