কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় ১৭ বছর আগে সংঘটিত মতিউর রহমান কাবুল (৩২) হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।
সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম. আলী আহাম্মদ এ আদেশ দেন । দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের আলী আশরাফ, নজির আহম্মদ (পলাতক), সিরাজুল ইসলাম শিশু মিয়া, আব্দুর রাজ্জাক, রাজা মিয়া, রফিক মিয়া, মোহাম্মদ আলী, মোহন মিয়া, দৌলত আহম্মদ, আবদুল করিম ওরফে আবদুল খালেক (পলাতক), সদর উপজেলার বারপাড়া গ্রামের বাহার মিয়া (পলাতক), চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার গ্রামের আবুল বাসার, প্রতাপপুর গ্রামের সফিকুর রহমান।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৯৯৯ সালের ২১ মার্চ ভোরে মতিউর রহমান কাবুল লালবাগ রাস্তার মাথা থেকে বাড়ি যাওয়ার পথে ওসমান গণির বাড়ির পাশে পৌঁছামাত্র কাবুলকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পিতা নজির আহমেদ বাদী হয়ে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০০ সালের ১১ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন। সোমবার আদালত এ মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ জনকে খালাস প্রদান করেন।