ইরানে ছেলে-মেয়ে একসঙ্গে পার্টি করায় ৯৯ বেত্রাঘাত!

ইরানে স্নাতক ডিগ্রি উদযাপনে ৩০ জনের বেশি ছেলে-মেয়েদের অংশগ্রহণ করায় প্রত্যেককে ৯৯ ঘা বেত মারা হয়েছে। কাজভিনের কাছে একটি ভিলায় প্রচুর সংখ্যক ছেলে-মেয়ের পার্টিতে সামিল হওয়ার খবর পাওয়ার পর সবাইকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় শহরের প্রসিকিউটর জেনারেল ইসমাইল সাদেঘি নিয়ারাকি।
 
তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের বিচার করে প্রত্যেককে ৯৯ ঘা বেত মারার সাজা দেয়া হয়। নীতি-পুলিশ এক মুহূর্ত দেরি না করে তখনই সেই সাজার নির্দেশ কার্যকর করে যাতে ভবিষ্যতে সামাজিক রীতি লঙ্ঘনের চেষ্টা করার কী ভয়ঙ্কর পরিণাম হতে পারে, সে ব্যাপারে স্পষ্ট বার্তা দেওয়া যায়। তিনি দাবি করেন, গ্রেফতার হওয়া ওই ছেলে-মেয়েরা অর্ধনগ্ন অবস্থায় ছিল, মদ খেয়ে অশালীন আচরণও করে। এতে জনমানসে প্রতিক্রিয়া হয়।
 
 ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ওদের জেরা, তদন্ত ও বিচার করে সাজা ঘোষণা ও কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ইরানে ছেলে ও মেয়েদের একসঙ্গে নাচ নিষিদ্ধ, বিশেষত যদি সেই মেয়েরা ইসলামি রীতি মেনে পর্দানসীন না থাকে। কোনো রেস্তোরাঁ বা কেটারিং হল ছেলে-মেয়ের যৌথ নৃত্যের অনুষ্ঠান করতে দিলে বা মদ পরিবেশন করলে তা বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নিয়ারাকি। ওয়াশিংটন পোস্ট।