ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মেধা, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দারিদ্রকে জয় করার জন্য অসচ্ছল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও পৃথিবীতে অনেকেই বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।’
সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স রুমে ‘উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তরুণ প্রজন্মকে উত্সাহ দানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের পলিসি রিসার্চ অন বিজনেস এন্ড ডেভেলপমেন্ট সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের উদাহরণ তুলে ধরে বলেন, তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছাত্র জীবনে তাঁর পায়ে জুতাও থাকত না। তিনি বলেন, মেধাকে যথাযথভাবে কাজে লাগিয়ে শ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি ভারতের রাষ্ট্রপতি তথা একজন সফল ব্যক্তিত্বে পরিণত হতে পেরেছিলেন।
খবর বাসসের।